
প্রভাতী প্রতিবেদন
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট এলাকার হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করলে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা যায়, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, হালদা নদী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং দেশের একমাত্র প্রাকৃতিক মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র। অবৈধ বালু উত্তোলন নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।