
তপন চন্দ্র সরকার, হোসেনপুর
দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে অর্ধশতাধিক সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক তাঁদের আত্মসাৎকৃত বীমার টাকা ফেরত পেয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে টাকা ফেরত আদায় করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে হোসেনপুরের গোবিন্দপুর বাজারে দলের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই কিস্তিতে প্রায় অর্ধশতাধিক বীমা গ্রাহকদের টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী-র জেলা সমন্বয়ক জননেতা আলাল মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, সদস্য জমির উদ্দিন, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, মজনু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় চেক গ্রহণকারী হরিশ্চন্দ্রপট্টি এলাকার পুষ্প আক্তার আবেগভরে বলেন, “বাসদ (মার্কসবাদী) দল না থাকলে হয়তো টাকার ফেরত পেতাম না। আজকে আমাদের বিজয় হয়েছে। বক্তারা বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে এই আন্দোলন ন্যায়সঙ্গত ও ঐতিহাসিক। এটি শুধু বীমা গ্রাহকদের বিজয় নয়, বরং পুরো মেহনতী মানুষের বিজয়। তাঁরা আরও বলেন, আন্দোলনের শক্তি ছাড়া গরীব ও অসহায় মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই বক্তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনের শক্তি হিসেবে বাসদ (মার্কসবাদী) দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।