
অপু দাস রাজশাহী ব্যুরো
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ প্রাণঘাতী অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে প্রায় ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের কাছে বিক্রি করে আসছে।এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। পরে ২১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন মধ্যপাড়াস্থ কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে, মৃত নাসির উদ্দীনের আমবাগানের শেষ প্রান্তে ও আকবর আলী ইটভাটার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোঃ আমিনুল ইসলাম (৩০),পিতা মোঃ লুৎফর, সাং ক্ষিদ্রখলসি, থানা দুর্গাপুর, জেলা রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৩বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে এই অবৈধ অ্যালকোহল স্থানীয়ভাবে সরবরাহ করে আসছিল,যা যুবসমাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।