
এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২৫ তারিখে নওগাঁ জেলার নওগাঁ-১ (৪৬) আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।এই কর্মসূচির নেতৃত্ব দেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি ও দলের ত্যাগী নেতা মোঃ মোস্তাফিজুর রহমান।নিয়ামতপুর,
পোরশা ও সাপাহার উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সকাল থেকেই নির্ধারিত স্থানে একত্রিত হওয়ার জন্য যাত্রা শুরু করেন।পরে সুশৃঙ্খলভাবে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। যাত্রাপথে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।কর্মসূচির নেতৃত্বদানকারী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার প্রত্যাবর্তন দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, নওগাঁ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা সব সময় দলের দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন এবং আগামীতেও দলের যেকোনো কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতেই এই ঢাকামুখী যাত্রা। দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও
শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নেতাকর্মীদের মধ্যে দলীয় ঐক্য ও আন্দোলনের প্রতি দৃঢ় অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়।