
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা ফৌজদারি বিচারব্যবস্থা ও কারাগার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফেনী জেলা কারাগার পরিদর্শন করেন।বুধবার সকালে আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহানের তত্ত্বাবধানে ক্রিমিনোলজি কোর্সের পাঠ্যসূচিভুক্ত বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এতে ব্যাচের সব শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরিদর্শন চলাকালে ফেনী জেলা কারাগারের জেলা সুপার মোহাম্মদ আব্দুল জলিল শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। তিনি কারাগার ব্যবস্থাপনার কাঠামো, বন্দিদের পুনর্বাসন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, কারা কর্মকর্তাদের দায়িত্ব, কারাগারের দৈনন্দিন পরিচালনা ও আধুনিক কারাগার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন। শিক্ষার্থীরা কারাগারের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।জেলা সুপার মোহাম্মদ আব্দুল জলিল শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানান, বর্তমান কারাগার ব্যবস্থা শুধুমাত্র শাস্তি প্রদানের কেন্দ্র নয়; বরং এটি বন্দিদের সংশোধন, পেশাগত দক্ষতা অর্জন এবং সমাজে পুনঃসংযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তিনি ভবিষ্যৎ আইনজীবী হিসেবে শিক্ষার্থীদের মানবিকতা, ন্যায়বিচার ও পেশাগত সততার গুরুত্ব বোঝান।শিক্ষার্থীরা জানান, এ পরিদর্শন তাদের পাঠ্যজ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এবং বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। তারা এমন উদ্যোগকে আইন শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের মতে, বাস্তবমুখী এ অভিজ্ঞতা ভবিষ্যতে বিচারব্যবস্থা–সম্পর্কিত পেশায় দায়িত্বশীল ভূমিকা পালনে তাদের আরও উৎসাহিত করবে।