
অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মো. জিল্লুর রহমান। রোববার (৩০ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম দিনেই রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।বগুড়ার শিবগঞ্জে জন্ম নেওয়া ড. জিল্লুর রহমান দেশের আইন-শৃঙ্খলা বাহিনীতে দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে পিএইচডি অর্জন করেন। তাঁর গবেষণায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা চ্যালেঞ্জ ও কার্যকর পুলিশিং নিয়ে বিশদ বিশ্লেষণ রয়েছে।১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে তিনি এসএসএফ, ট্যুরিস্ট পুলিশ, র্যাব, ডিএমপি এবং বিভিন্ন প্রশাসনিক ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন—সুদান ও দারফুরে স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে তিনি নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন এবং সংকট ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পদক লাভ করেন দু’বার।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন কমিশনার বলেন,জুলাইয়ের সহিংস ঘটনায় আহতদের স্মরণ করছি এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই তাঁর প্রথম অগ্রাধিকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে ধরে রাখতে নাগরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।ড. জিল্লুর রহমান বলেন,রাজশাহীর সড়ক, বাজার, আবাসিক এলাকা সব জায়গাতেই আইন মেনে চলার পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।গণমাধ্যমকর্মীদের নানা পরামর্শ তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে এসব মতামত গুরুত্বের সঙ্গে প্রয়োগের আশ্বাস দেন।নতুন কমিশনারের যোগদানে রাজশাহীর নিরাপত্তা ব্যবস্থায় নতুন দিকনির্দেশনা তৈরি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের সমন্বয় নগরবাসীর আস্থাকে আরও শক্তিশালী করবে এমনটাই মনে করছেন সবাই।