
মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীতে দুই নারী বিএনপি কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুল রাজ্জাক। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় জামায়াত নেতা নুরুল ইসলাম বিএনপির দুই নারী কর্মীকে লাঞ্ছিত করেন। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে নুরুল ইসলাম তাদের জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। রাজি না হওয়ায় তিনি প্রথমে গালাগাল এবং পরে শারীরিকভাবে আক্রমণ করেন।
ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, নুরুল প্রথমে স্যান্ডেল খুলে আমাকে মারতে শুরু করেন, এরপর আমার বোনের ঘাড়ে আঘাত করেন। শেষপর্যায়ে তিনি আমার বোনের পেটে লাথি মারেন। এই ঘটনার পর ভুক্তভোগী নূরবানু কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন বলেন,রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কাউকে জোর করে অন্য দলের হয়ে ভোট দিতে বাধ্য করা গণতন্ত্রবিরোধী কাজ। এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এ ঘটনার পর বিএনপি নেতারা অভিযুক্ত নুরুল ইসলামের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় নিলুফা ইয়াসমিনকে স্যান্ডেল দিয়ে মারধর ও তার বোন নূরবানুর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে।