
এম এ রাজ্জাক (সুমন) মুন্সিগঞ্জ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার দুইটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে শেখ মোঃ আব্দুল্লাহ এবং মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে মিজানুর রহমান সিনহা দলের মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, উভয় প্রার্থী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
মনোনয়নের পর শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।” একইসঙ্গে মিজানুর রহমান শিহা জানান, “মুন্সিগঞ্জবাসী পরিবর্তনের পক্ষে, তারা বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।” স্থানীয় পর্যায়ে এ ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে কর্মীরা আনন্দ মিছিলও করেছেন।
দলীয় নেতারা বলছেন, “এ ঘোষণার মাধ্যমে মাঠ পর্যায়ের নেতৃত্ব আরও চাঙ্গা হয়েছে। দীর্ঘদিন পর প্রার্থী নির্ধারণ হওয়ায় সাংগঠনিক গতি ফিরে এসেছে।” তবে এখনো মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় দফতর সূত্রে জানা গেছে, ওই আসনের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হবে।
রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জেলা বিএনপির সক্রিয়তার ফলে আগামী নির্বাচনে বিএনপি এখানে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারে।