
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংবাদকর্মীদের দায়িত্ব নিয়ে মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ সকালে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টা সেমিনারটি চলে।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে সাংবাদিকদের কাজকে আরও বাস্তবসম্মত ও শক্তিশালী করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন,তিনি নিজেকে সিরাজগঞ্জের মানুষ হিসেবে নয়,বরং মাদারীপুরের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচয় দিতে চান।নির্বাচন মতো জাতীয় দায়িত্ব পালন করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।পাশাপাশি দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন, গুজব প্রতিরোধ, ভোটারদের সচেতন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা পোস্টাল ভোটের সম্ভাবনা, প্রক্রিয়া ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থায় যেমন অগ্রগতি হয়েছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও সামনে আরও সুযোগ তৈরি হচ্ছে।আলোচনায় নির্বাচনী সময় সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব নিয়ে মতবিনিময় হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।শেষ অংশে প্রশাসনের কর্মকর্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবচেয়ে বড় অবলম্বন।অংশগ্রহণকারী সংবাদকর্মীরা বলেন, নির্বাচনী সময়ে মাঠপর্যায়ের কাজ সহজ করতে এ ধরনের সেমিনার কার্যকর ভূমিকা রাখে।পরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।