
অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও প্রার্থনার নানা আয়োজন। জুম্মার নামাজ শেষে নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার সুস্থতার জন্য মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার পরে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে দলটির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। দলের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা এই মোনাজাতে যুক্ত হয়ে খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।মোনাজাত শেষে মিনু বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষের দোয়া ও প্রার্থনা তার প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও জনজীবনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও উপাসনালয়ে অনুষ্ঠিত হয় প্রার্থনা। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের এমন অংশগ্রহণ আজকের আয়োজনকে আরও মানবিক করেছে।হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।রাজশাহীর মানুষের আজকের এই সম্মিলিত প্রার্থনাগুলো রাজনৈতিক ভেদাভেদ ছাড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।