
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
২১ নভেম্বর, ২০২৫-এ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং এর প্রতিউত্তরে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। বিকেল ৪টার কিছু আগে বেগম জিয়া হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পাশেই খালেদা জিয়াকে বসানো হয়।একান্ত সাক্ষাৎ ছাড়াও উভয়কে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা গেছে।গত বছরও খালেদা জিয়া এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যা ছিল ১২ বছর পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে তার প্রথম উপস্থিতি।