
মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবেই একটি মহল বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, একটা দল বিএনপির মধ্যে বিভাজন তৈরি করতে মাঠে নেমেছে। তারা নিজেদের স্বার্থে দলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব কখনোই মেনে নেওয়া হবে না।তিনি আরও বলেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, তাদের দ্বারা দেশের সুশাসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।
প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে মহাসচিব বলেন, এ এলাকার মানুষের জন্য আমিনুল হক আজীবন পরিশ্রম করেছেন। তাঁর পরিবারের অবদান এখানে সুস্পষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এ আসনে তাঁর ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে তাঁর পক্ষে থাকতেই হবে।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।