
উপজেলা প্রতিনিধি, বাউফল(পটুয়াখালী)
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করা শহিদুল আলম তালুকদারকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডকে আহ্বান জানিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফলের নিমদি লঞ্চঘাট বাজারে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদে তিনি এসব কথা বলেন।এতে প্রধান অতিথি ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুম বিল্লাহ পলাশ। সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাল আকন।প্রধান অতিথির বক্তব্যে হাজি পলাশ বলেন, “২০০৮ সালের নির্বাচনেও তিনি বিএনপি প্রার্থী ছিলেন না; গতকাল পর্যন্তও তিনি দলের কোনো পদে ছিলেন না। বাউফলের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, পরিশ্রম ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রতি সম্মান দেখিয়ে বিষয়টি হাইকমান্ড পুনর্বিবেচনা করবে বলে আমরা আশা করি।তিনি বলেন, বাউফলে ধানের শীষের বিপক্ষে শক্তিশালী প্রার্থী রয়েছে। তাই আমরা সথ যোগ্য এবং দক্ষ একজনকে মনোনয়ন দেওয়ার জন্য হাই কমান্ডকে আহবান জানাই।হাজী পলাশ আরও বলেন, দলের কঠিন সময়ে যারা রাস্তায়-রাজপথে ছিলেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন, তাদের মতামতই বিএনপির সবচেয়ে বড় শক্তি। নেতৃত্ব নির্ধারণে তৃণমূলের অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে তারা সবাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন।উক্ত অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৪ ডিসেম্বর বিকেলে বাউফলে ধানের শীষের প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে।