
বগুড়ার সোনাতলায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকাল গভীর রাতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। অদ্য (০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) রাত অনুমান ০১:০০ ঘটিকা হতে রাত ০৪:৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে সোনাতলা থানাধীন জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। বাড়ীর মালিক মোঃ আব্দুস সাত্তার (৬২), পেশা কৃষি ও গরু ফার্মের। ঘটনার সময় তার ছেলে মোঃ সাগর মিয়া (৩০) রাত্রীকালীন গরুর ফার্মে অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা সাত্তার ছেলের ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোরেরা ঘরের আলমারির ড্রয়ারে রক্ষিত গরু ক্রয়ের জন্য রাখা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ২.৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। আব্দুস সাত্তার ভোর রাত ০৪:৩০ ঘটিকায় নামাজ পড়ার জন্য উঠে দেখতে পান তার ছেলের ঘরের জানালার গ্রিল কাটা এবং আলমারির ড্রয়ার খোলা অবস্থায় রয়েছে। পরে তিনি বুঝতে পারেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) জনাব মোঃ শাহিন আলম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ।