
মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈলঢুকরী এলাকায় পানি উন্নয়ন বোর্ড অনুমোদিত বাঙ্গালী নদীর নিলামকৃত বালু অপসারণে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। নিলামগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মাসুদ কন্সট্রাকশন–এর স্বত্বাধিকারী মোঃ মাসুদুজ্জামান জানান, এলাকার কতিপয় অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সরকারি উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
পানি উন্নয়ন বোর্ড, বগুড়া পানি উন্নয়ন বিভাগ থেকে জারি করা স্মারক নং এম-৩১/২৭২, তারিখ ২৯/০৬/২০২৫ অনুযায়ী, সেনাবাহিনী কর্তৃক উত্তোলিত ও নিলামকৃত বালি/মাটি অপসারণের সময়সীমা ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, প্রকল্পের আওতায় মোট ১০৩টি পয়েন্টে বালু অপসারণ কাজ চলছে এবং কোথাও জমির মালিক, কৃষক বা স্থানীয় জনগণের কোনো আপত্তি নেই।
কিন্তু শৈলঢুকরী এলাকার একটি নির্দিষ্ট পয়েন্টে দুষ্কৃতিকারী একটি চক্র পরিবহন কাজে বাধা দিচ্ছে এবং কাজ বন্ধের চেষ্টা করছে, যা সম্পূর্ণ অবৈধ।
মাসুদ কন্সট্রাকশন দাবি করেছে—পানি উন্নয়ন বোর্ডের সব শর্ত অক্ষরে অক্ষরে অনুসরণ করে বৈধভাবে কাজ চলমান রয়েছে। তারা বলেন,
“এই প্রকল্প স্থানীয় মানুষের ক্ষতি নয়, বরং নদী সংরক্ষণ, তীর রক্ষা ও উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ। তবুও একটি অসাধু মহল নিজেদের স্বার্থে সরকারি কাজ ব্যাহত করছে।”প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সরকারি কাজের পথে বাধা সৃষ্টি করা ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন—অবৈধভাবে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।
সংশ্লিষ্টরা আরও বলেন, প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হলে শৈলঢুকরীসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে নদীভাঙন প্রতিরোধ, জলপ্রবাহ নিয়ন্ত্রণ এবং এলাকার সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।