
মোহাম্মদ হানিফ ফেনী সদর
আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর বরাবর লাইসেন্স নবায়নের আবেদনের প্রেক্ষিতে ফেনী শহরের দুইটি বেসরকারি হাসপাতাল — জেড ইউ মডেল হাসপাতাল ও চিশতিয়া জেনারেল হাসপাতাল — পরিদর্শন করেন সদর উপজেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম।পরিদর্শন টিমের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ফেনীর সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আব্বাসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু তারেক, এবং এমটি (ল্যাব) মো. জাহাঙ্গীর আলম। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন গাইডলাইন অনুসারে হাসপাতাল দুটি প্রতিষ্ঠানের সব ধরনের কাগজপত্র ও ভৌত অবকাঠামো যাচাই করা হয়।এর মধ্যে ছিল ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, নারকোটিকস লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, আণবিক শক্তি কমিশন লাইসেন্সসহ সংশ্লিষ্ট ডকুমেন্টস।
এছাড়া হাসপাতালের অর্ভ্যথনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে ইউনিট, ল্যাব, অপারেশন থিয়েটার, লেবার রুম, পোস্ট অপারেটিভ কক্ষ, আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ ঘুরে দেখা হয়।সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর পরীক্ষা ফি তালিকা, চিকিৎসক ও নার্সদের যোগ্যতা সংক্রান্ত কাগজপত্র, ল্যাব বিশেষজ্ঞদের ডকুমেন্টস, মেডিকেল টেকনোলজিস্টদের বিবরণ, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, রিএজেন্টের গুণগত মান ও যন্ত্রপাতির কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন টিম সরেজমিনে দেখে যে ল্যাবের পরিবেশ জীবাণুমুক্ত রাখার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে কি না। ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন,ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে। বেসরকারি হাসপাতালগুলো নিয়মনীতি মেনে সেবা প্রদান করছে কি না, তা নিশ্চিত করতেই এ ধরনের নিয়মিত পরিদর্শন পরিচালনা করা হচ্ছে।”