
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনীতে হঠাৎ তাপমাত্রা ওঠানামা ও শুষ্ক গরম-ঠান্ডা বাতাসের কারণে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর,সর্দি–কাশি,নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত রোগ বেড়েছে হঠাৎ করেই।আক্রান্ত শিশুর ভিড়ে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড এখন কার্যত উপচে পড়া অবস্থা। বেড সংকটে অনেক পরিবারকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে।হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, বেডের জায়গা নেই—একেকটি বেডে দু’তিনজন করে রোগী রাখা হয়েছে। বাকি রোগীরা মেঝেতে চাদর বিছিয়ে স্যালাইন ও নেবুলাইজার নিচ্ছেন। নার্স–চিকিৎসকদের দৌড়ঝাঁপেও নিয়ন্ত্রণে আসছে না রোগীর চাপ।শিশু বিভাগের একজন কর্তব্যরত চিকিৎসক জানান,গত এক সপ্তাহে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।আবহাওয়ার অনিয়মিত পরিবর্তন একদিন গরম,পরদিন হঠাৎ বৃষ্টি—শিশুদের শ্বাসতন্ত্রে দ্রুত প্রভাব ফেলছে।হাসপাতালের হিসাব অনুযায়ী, সাধারণত প্রতিদিন ৮০–১০০ জন শিশু বহির্বিভাগে চিকিৎসা নেয়।বর্তমানে সে সংখ্যা ১৮০–২০০–তে পৌঁছেছে।ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।রোগীর স্বজনরা বলছেন, চিকিৎসা মিললেও জায়গার সংকটে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।মাদাম বাড়ির রুবেল মিয়া তাঁর ১০ মাসের শিশুকে নিয়ে সকালে হাসপাতালে আসেন।তিনি বলেন,ওয়ার্ডে জায়গা নেই।মেঝেতে বসে স্যালাইন দিতে হচ্ছে। কিন্তু উপায়ও নেই—বাচ্চার অবস্থাও খারাপ।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবস্থা সামাল দিতে অতিরিক্ত স্যালাইন, নেবুলাইজার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে অস্থায়ী বেড খোলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।স্থানীয় চিকিৎসকদের পরামর্শ এই সময়ে শিশুদের ধুলাবালু ও তাপমাত্রার হঠাৎ পরিবর্তন থেকে সতর্ক রাখতে হবে।প্রয়োজনে কুসুম গরম পানি খাওয়ানো, পরিচ্ছন্নতা বজায় রাখা ও কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।