
নুরুল আবছার (মহেশখালী,)
মহেশখালী কালামারছড়া উত্তর নলবিলা, শিশুদের সৃজনশীল বিকাশ, সাহিত্যচর্চা ও কল্পনাশক্তির বিকাশে অনুপ্রেরণা জোগাতে প্রকাশিত হয়েছে শিশু সাহিত্য পত্রিকা ‘ফাল্গুন উৎসব’। রঙিন ছাপায় প্রকাশিত এই পত্রিকায় স্থান পেয়েছে নানা ঘরানার সাহিত্যকর্ম— কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, চিত্র অঙ্কন ও অন্যান্য লেখা।পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে ৩৩টি কবিতা, ৫৯টি গল্প, ৬৭টি ভ্রমণ কাহিনী, ৩৬টি চিত্র অঙ্কন এবং ১৮টি অন্যান্য লেখা। লেখাগুলোর বিষয়বস্তু শিশুদের কল্পনাশক্তি, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহিবউল্লাহ, বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাসবিদ। তিনি বলেন, “শিশুদের সাহিত্যচর্চা তাদের চিন্তাশক্তি, নৈতিকতা ও মানবিক বোধকে জাগ্রত করে। ‘ফাল্গুন উৎসব’ শিশুদের সৃজনশীল বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল আলম, প্রধান শিক্ষক, উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের সাহিত্যচর্চার সুযোগ তৈরি হলে তারা সমাজ ও জাতির জন্য গর্বের সম্পদ হয়ে উঠবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আজাদীর গণমাধ্যমকর্মী জনাব কাব্য সৌভ, যিনি শুরুতেই শিশু সাহিত্যচর্চার গুরুত্ব ও পত্রিকার উদ্দেশ্য তুলে ধরেন।বক্তারা বলেন, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে সাহিত্যচর্চার বিকল্প নেই। পত্রিকাটির লেখাগুলোতে শিশুমনের আনন্দ, প্রকৃতির রঙ, দেশপ্রেম ও সহমর্মিতার সুন্দর প্রকাশ ঘটেছে।
সম্পাদকীয় পর্ষদ জানিয়েছেন, শিশুদের মেধা ও মননের বিকাশে ‘ফাল্গুন উৎসব’ নিয়মিতভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পত্রিকাটি পাঠক, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।ফাল্গুন উৎসব’ কেবল একটি সাহিত্যপত্রিকা নয়— এটি শিশুদের কল্পনা, স্বপ্ন ও সৃজনশীলতার রঙে আঁকা এক সাহিত্য-আনন্দের উৎসব, যা আগামী প্রজন্মকে নতুন উদ্দীপনায় অনুপ্রাণিত করবে।