
আশাদুজ্জামান, নেত্রকোনা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামে অসামাজিক কার্যকলাপ মাদক,জুয়া ও দেহব্যবসা প্রতিরোধে গ্রামবাসীর উদ্যোগে এক সালিসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় ব্যাপক জনসমাগম ঘটে।
সভায় সভাপতিত্ব করেন রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু। এ সময় স্থানীয় গ্রামবাসী ছাড়াও রোয়াইলবাড়ি ইউনিয়ন বি এন পির সর্বস্তরের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, গ্রামের কুখ্যাত দেহব্যবসায়ী ও মাদক কারবারি জহুরা দীর্ঘদিন ধরে এলাকায় তার সহযোগী রবি,রোকন,মুসলেম,কমলদের নিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। গত ২২ আগস্ট রাত জেগে পাহারা দিয়ে গ্রামবাসী জহুরাকে অসামাজিক কার্যকলাপের সময় হাতে-নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। তবে পরদিনই আইনের ফাঁকফোকর গলে সে জামিনে বেরিয়ে আসে এবং আগের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকে।
এমনকি গ্রামবাসীর কয়েকজন নিরপরাধ মানুষের বিরুদ্ধেও মিথ্যা ধর্ষণ মামলা করে জহুরা। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
এ প্রেক্ষাপটে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—জহুরা ও তার সহযোগী রবি, রোকন এবং মুসলেমকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আইনগত লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের সামাজিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী বলেন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত আমরা জানি। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। এসব কর্মকাণ্ডে যদি ইউনিয়ন বিএনপির কারো সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।”
গ্রামবাসীর প্রত্যয় ফতেপুরে কোনোভাবেই দেহব্যবসা ও মাদক ব্যবসার জায়গা হবে না।