
নাটোর প্রতিনিধি মোঃ আলমগীর কবির ,
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষিকোল ও আশপাশের বাজারগুলোতে রসুনের দাম হঠাৎ করেই ব্যাপকভাবে কমে গেছে। সাধারণত প্রতিবছর মৌসুমে রসুনের দাম মন প্রতি ৩,০০০ টাকা থেকে শুরু করে ১০–১২ হাজার টাকা পর্যন্ত উঠলেও এবছর বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছিল মাত্র প্রায় ২-৩ হাজার টাকায়। শুরুতে দু’ থেকে তিন হাজার টাকার মধ্যে লেনদেন হলেও দিন দিন দাম কমতে কমতে এখন একেবারেই নিম্নমুখী।
লক্ষিকোল বাজারে সশরীরে ঘুরে জানা যায়, সর্বোচ্চ ১হাজার টাকা দামের রসুনই বর্তমানে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বাজারে রসুনের চাহিদা কমে যাওয়া ও অতিরিক্ত সরবরাহের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কৃষকেরা জানাচ্ছেন, রসুন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না; কিছুদিন পরই গাছ বের হয়ে যায়। ফলে দাম বাড়ার আশায় অপেক্ষা করলেও তাদের হাতে বেশি সময় থাকে না।
এ অবস্থায় বড়াইগ্রামের প্রায় সব এলাকায় রসুনচাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, উৎপাদন খরচ তুলতে না পেরে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী মৌসুমে রসুন চাষে অনীহা তৈরি হতে পারে।
কৃষকেরা সরকারি উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার সুযোগ নিশ্চিত হয়।