
মো: জহিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি
তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করা হয়।রবিবার (৩০ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।উৎসবে আপ্যায়ন ঘর, সরকারি হাজী জাল মামুদ কলেজ, জনকল্যাণ মহিলা উন্নয়ন সমিতি চন্দ্রকোনা, বাছুরআগলাসহ মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলই বাহারি স্বাদের নানান পিঠা দিয়ে সজ্জিত ছিল।স্টলে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল হৃদয়হরণ পিঠা, নারকেলের নাড়ু,নকশী পিঠা, পুলি পিঠা,পায়েশ পিঠা,চুই পিঠা,মেরা পিঠা,ঝাল পিঠা, বাটার রোল, ভাপাপুলি, জাম পিঠা, পার্টি সাপটা, জামাই পিঠা, দুধে ভেজানো নকশি পিঠা,খাজা পিঠা, শামুক পিঠা, নারিকেলের ভরবি, নারিকেল পাকন পিঠা, জাল পিঠা, ছাপ পিঠা, চিতই পিঠা, পাঙ্কু পিঠা, তেজপাতা পিঠা, মিষ্টি পিঠা, সোয়াই পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠার সমাহার।অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান,বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম, জামায়াতের আমীর গোলাম সরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা পিঠার বৈচিত্র্য ও আয়োজনের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন।