
মোঃ মোকলেসছুর রহমান নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা ও তাঁর অফিস স্টাফদের বিরুদ্ধে কিছু ব্যক্তি অনিয়ম–দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। তবে দলিল লেখক ও নকল নবীশদের দাবি, অভিযোগকারীরা মূল দাতা বা গ্রহীতা নন—তৃতীয় পক্ষ হিসেবে আন্দোলন করে অযথা ভোগান্তি তৈরি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান, দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জমি বিক্রেতা ও ক্রেতা উভয়ের এনআইডি, দলিলের ছবির মিল, সর্বশেষ খতিয়ান, হালসনের খাজনা–খারিজসহ প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরেই সাবরেজিস্টার স্বাক্ষর করেন। এসব প্রক্রিয়া সঠিক থাকলে রেজিস্ট্রেশন সম্পন্ন হতে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, দাতা ও গ্রহীতা নিজেদের পছন্দের দলিল লেখকের কাছে যান এবং সরকারি ফি–পে-অর্ডারের পাশাপাশি লেখকের পারিশ্রমিক প্রদান করেন। দলিল লেখকদের পারিশ্রমিক তুলনামূলক কম হওয়ায় অনেক সময় তাঁরা দাতা–গ্রহীতাদের সঙ্গে অতিরিক্ত সমঝোতার ভিত্তিতে কাজ সম্পন্ন করেন।
অফিস সূত্র আরও জানায়, সরকারি ফি সরাসরি পে-অর্ডারের মাধ্যমে জমা দেওয়া হয়; অফিসের বাইরে দলিল লেখক বা দালালের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে অফিস দায়ী নয়।
নকল উত্তোলনের সরকারি নির্ধারিত ফি যেখানে ১,০০০ টাকা, সেখানে ২,৫০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ নকল নবীশদের বিরুদ্ধে উঠেছে বলেও জানা গেছে।এদিকে, তৃতীয় পক্ষের আন্দোলনে দলিল রেজিস্ট্রেশনের কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন প্রকৃত দাতা ও গ্রহীতারা। অনেকের জমি বিক্রি, বাড়ি নির্মাণ কিংবা বিয়ের মতো জরুরি কাজ আটকে গেছে।
টেংগনমারী বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক দুলাল আহসান বলেন, “আমার এক আত্মীয়ের মেয়ের বিয়ের তারিখ ঠিক ছিল। কিন্তু দলিল রেজিস্ট্রি না হওয়ায় বিয়ে আটকে গেছে। এসব কারণে আমরা ব্যাপক ভোগান্তি পোহাচ্ছি। যারা আন্দোলন করছেন, তাঁদের প্রকৃত পরিচয় তদন্ত করা জরুরি।
পশ্চিম বালাগ্রামের বাসিন্দা রিপন সরকার বলেন, “দলিলের সব কাগজ প্রস্তুত। শুধু সাবরেজিস্টারের স্বাক্ষর প্রয়োজন। ছুটিতে থাকায় রেজিস্ট্রি করতে পারছি না। পশ্চিম খুটামারার আজিজুল ইসলাম, টেংগনমারীর ওবায়দুল ইসলামসহ একাধিক দাতা–গ্রহীতা জানান, দলিল সম্পাদনের শেষ ধাপেই তারা আটকে আছেন, যা তাদের ব্যক্তিগত জীবন ও পরিকল্পনায় চরম প্রভাব ফেলছে।
এদিকে অভিযোগের জবাবে সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার ছোট ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় আমাকে টার্গেট করে কেউ কেউ এসব অভিযোগ তুলেছে।” তিনি জানান, ৯ ডিসেম্বর অভিযোগ বিষয়ে তদন্ত হবে এবং এর পরেই অফিসে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত হবে।
প্রকৃত দাতা–গ্রহীতা ও সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে তাদের অতিরিক্ত ভোগান্তির আর শিকার না হতে হয়।