
মোঃ আসাদুজ্জামান
বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। সংবাদ সূত্র অনুযায়ী তারেক রহমান নভেম্বর মাসের শেষ দিকে সৌদি আরবে ওমরাহ পালন করবেন। এরপর লন্ডন হয়ে তিনি ঢাকায় ফিরবেন। ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে দলীয় প্রস্তুতি চলছে। তারেক রহমান দেশে ফিরে গুলশান-২ এর ১৯৫ নম্বর রোডের বাড়িতে থাকবেন, যা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-এর পাশে অবস্থিত। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর সাহায্য চাওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি বিভিন্ন মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার ফলে তার দেশে ফেরার আইনি পথ সুগম হয়েছে। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে তারেক রহমান সেখানেই অবস্থান করছেন। প্রায় ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।