
এস এম আলমগীর হুসাইন মাদারীপুর
মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি দপ্তর ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা এ ধরনের স্বাস্থ্য উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান কর্মসূচির সময়সূচি, প্রচার কৌশল এবং রোগ প্রতিরোধে টিকাদানের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।