
আজাদ হোসেন নিপু জামালপুর
জামালপুর সদর উপজেলার জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নসিয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ৯ সেপ্টেম্বর বিকালে পায়ে ফোঁড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে ওইদিনই তার অপারেশন করেন ডাঃ হাসানুল বারী শিশির। নসিয়া বেগম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্ত্রী।
রোগীর স্বজনরা জানায় যে, নসিয়া বেগম ডায়াবেটিসের রোগে আক্রান্ত ছিলেন। অপারেশনের সময় তার শরীরে সুগারের মাত্রা ছিল ২০.৩০। অপারেশনের পর নসিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং আজ ১২ই সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারনে নসিয়া বেগমের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা।
তবে, অপারেশনে কোন ত্রুটি ছিলনা বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাঃ হাসানুল বারী শিশির। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল আতিক জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।