
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ন্যায্য রূপান্তর চাই এখনই এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম এই মানববন্ধন ও সচেতনতা কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেন এলাকার তরুণ-তরুণী, যুব নারী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। হাতে রঙিন প্ল্যাকার্ড Stop Global Warming”, “Act Today Save Tomorrow”, “SAVE Our Planet”, “পরিবেশ রক্ষা—আমারই জীবনের রক্ষা”—এসব বার্তা বহন করে তারা জলবায়ু ন্যায়বিচারের পক্ষে সারিবদ্ধভাবে দাঁড়ান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের আরও কার্যকর পদক্ষেপ জরুরি। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা গড়তেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার। বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় রূপান্তর, কার্বন নির্গমন হ্রাস, জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতি প্রণয়নের দাবি জানান।বক্তারা আরও বলেন, আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না,এই অঙ্গীকারে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে জলবায়ু ন্যায়বিচারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।ফুলবাড়ীর এই মানববন্ধন এলাকাজুড়ে পরিবেশ সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।