
আব্দুল কাইয়ুম জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সুবাস চৌধুরী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কটূক্তিমূলক মন্তব্য করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, নিজের টাইমলাইনে সুবাস লিখেন, “এসো নবী গাছের তলে মাল খাব বসে থেকে।” বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে “আমাদের পাঁচবিবি” গ্রুপে বিভিন্ন ব্যক্তি পোস্ট দিয়ে অভিযুক্তের পরিচয় প্রকাশ করেন। তাদের ভাষ্যমতে, সুবাস চৌধুরী পাঁচবিবির সাবেক ছাত্রলীগ কর্মী এবং তার বাড়ি উপজেলার দুই নম্বর রেলগেট এলাকার কাছে। পোস্টে আরও বলা হয়, সে বর্তমানে পলাতক এবং ফোন বন্ধ রেখেছে।
ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ ঘটনায় পাঁচবিবি ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসলমানরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন