
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সংগঠন যুবদলের উদ্যোগে চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের খুনিয়া দিঘি হাই স্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে দলকে আরও গতিশীল করার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করা ও গ্রামেগঞ্জের সাধারণ মানুষের মাঝে বিএনপি’র বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জনের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানান।