
মোঃ জাকির হোসেন চাটখিল
চাটখিল (নোয়াখালী): সারাদেশে পুলিশের বিভিন্ন পদে রদবদলের অংশ হিসেবে নোয়াখালীর থানাগুলোতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চাটখিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মোন্নাফ।
জানা যায়, তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন পদায়ন চাটখিলবাসীর জন্য একটি ইতিবাচক খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।যোগদানের সময়সীমা পুলিশ সদর দপ্তর থেকে নতুন অফিসারদের নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, নতুন অফিসারদের নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।
ফলে, ধারণা করা হচ্ছে, নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ আগামী ৬ ডিসেম্বরের পর যেকোনো দিন চাটখিল থানায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। স্থানীয়রা আশা করছেন, তাঁর পূর্ব অভিজ্ঞতার আলোকে নবাগত এই কর্মকর্তা চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখবেন।