
মীর শাহীন উপজেলা প্রতিনিধি
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে এফডিআর, ডিপিএস ও সঞ্চয়ের টাকা ফেরত চেয়ে নারী উদ্যোক্তা পিংকি’কে গ্রাহকরা অবরুদ্ধ করে রাখেন।গতকাল সকাল থেকেই গ্রাহকরা তার প্রতিষ্ঠানে ভীড় জমান টাকা ফেরত পেতে। বেলা গড়াতে গড়াতে বাড়তে থাকে জনসমাগম।জনরোষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভুইয়া পুলিশ মোতায়েন করেন।ভুক্তভোগীদের বক্তব্যে জানা যায়,উপজেলার আবুবকর পুর ইউনিয়নের বাসিন্দা পিংকি আক্তার গত কয়েকবছর ধরে প্রয়োজন গ্রুপ নামে উপজেলার বিভিন্ন এলাকায় ৯ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। তার মধ্যে প্রয়োজন সমবায় সমিতি নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ বিভিন্ন মেয়াদে জমা রেখেছেন যার পরিমান প্রায় কয়েক কোটি টাকা।ভুক্তভোগী এক নারী সদস্য বলেন, আমি এই সমবায় সমিতিতে ৩৭ লক্ষ টাকা জমা রেখেছি,আমি জানতে পেরেছি উদ্যোক্তা পিংকি বিদেশে চলে যাবেন তাই আমার টাকা ফেরত পেতে তার অফিসে আসছি, কিন্তু কোনভাবেই আমি আমার টাকা ফেরত পাচ্ছি না। আমি আমার টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে নারী উদ্যোক্তা পিংকি বলেন,আমি একজন সফল নারী উদ্যোক্তা,আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আমার প্রতিষ্ঠান ধ্বংস করতে একটা মহল ষড়যন্ত্র করে এসব গুজব ছড়িয়েছে।
পিংকি বলেন আজ আমাকে অবরুদ্ধ করে আমার শো-রুম ভাঙচুর ও মালামাল লুট করে তারা নিয়ে গেছে। প্রশাসনের কাছে আমি এটার বিচার চাই। তিনি আরও বলেন , দক্ষিণ আইচা বাজারে আমার ইনভেস্ট ৮৪ লক্ষ টাকা রয়েছে, আর আমি গ্রাহকের দেনা আছি ৬৭ লক্ষ টাকা ।ধীরে ধীরে আমি সকল গ্রাহকের পাওনা পরিশোধ করে দিবো।এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভুইয়া বলেন ,গত ১ নভেম্বর সকালে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করি। গ্রাহকদের সাথে সমঝোতা না হওয়ায় রাত ১০ঃ৩০ মিনিটের সময় উর্ধ্বতন অফিসারদের পরামর্শে তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।