
মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে থানা এলাকার ডাইংপাড়া মোড় ও আশপাশ এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা গোপন সূত্রে খবর পান যে সেখানে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে এসআই রফিকুল ইসলাম তার সহকারী ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সকাল ১১টা ১৫ মিনিটে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত নারী মোসাঃ শাহিদা বেগমের বয়স ৪৫ বছর। তিনি নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়-এর মেয়ে।
তল্লাশির সময় তার ডান হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ছিল গোদাগাড়ী থানার সরমংলা ইকোপার্ক গ্রামসংলগ্ন এলাকা। ঘটনার পর মোসাঃ শাহিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা।