
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর( ১) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ মার্কসবাদী দলের প্রার্থী হিসেবে আলাল মিয়া কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৬ নভেম্বর সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কমিটির প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক দলটির নিবন্ধন প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব দলটির কেন্দ্রীয় নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক কাঁচি তুলে দেন, যা বাসদ মার্কসবাদীর আনুষ্ঠানিক নির্বাচনী পথচলার সূচনা করে। ঘোষণার পর এলাকাজুড়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন আলাল মিয়া। তিনি জানান, তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কিশোরগঞ্জ এবং হোসেনপুরে বাম রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে দলটির জেলা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
বাসদ মার্কসবাদী দলটি হোসেনপুর ও কিশোরগঞ্জ এলাকায় ব্যাপক পরিচিত, বিশেষ করে শ্রমজীবী মানুষের মাঝে দলটির ভিত্তি শক্তিশালী। আলাল মিয়া দলটির সর্বোচ্চ ফোরামের সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ করছেন, যা তাঁকে দলের ভাবমূর্তিতে কেন্দ্রীয় ভূমিকা রেকেছে। আলাল মিয়া আরও জানান, নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। তিনি খুব শিগগিরই সাংবাদিক সম্মেলন করে নির্বাচনি ইশতেহার প্রকাশ করবেন। এছাড়া ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত বামপন্থীদের বৃহত্তর কনভেনশনের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামবেন বলেও তিনি জানান।