
নজিরুন নাছিম নাফি কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা শহরের ঈশাখাঁ রোডের ব্যবসায়ীদের উপর অবৈধ ফুটপাত দখলদার, সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ীরা শাটডাউন কর্মসূচী ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফুটপাত দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
রবিবার সকাল থেকে শহরের গৌরাঙ্গ বাজার, তেরীপট্টি, রথখলা, আঠারবাড়ী কাচারী বাজার এলাকায় দোকান মালিক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেন। তাদের দাবী, ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ না করলে অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। পরে সকাল ১১টায় কিশোরগঞ্জ খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঈশাখা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা প্রশাসক বরাবর ফুটপাতে অবৈধ দোকান অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। এদিকে ফুটপাত ব্যবসায়ীরা তাদের পূর্নবাসন করার দাবীতে তারাও বিক্ষোভের ডাক দিয়েছেন।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাল থি-পিছ কর্নারের মালিক শুভ করে’র সাথে অবৈধ ফুটপাত দখলদার সন্ত্রাসী বাহিনীর বাকবিতন্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা শুভ কর ও আশা বস্ত্রালয়ের আঃ আউয়ালের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা শুভ করকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে। এ সময় আঠারবাড়ি কাঁচারী জামে মসজিদের মুয়াজ্জিনসহ বেশ কয়েক জন ব্যবসায়ী দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এক পর্যায়ে সকল ব্যবসায়ীরা রাস্তায় নেমে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে ঈশাখাঁ রোডের ব্যবসায়ীরা মার্কেট শাটডাউন করে প্রতিবাদ মিছিল করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদরসার্কেল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ব্যবসায়ীদের নিরাপত্তা ও অবিলম্বে ফুটপাতের অবৈধ দোকান অপসারন করার যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।