
নিজস্ব প্রতিবেদক,
ডিলারদের নেতৃস্থানীয় তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বসুন্ধরা
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কোম্পানির হেড অফিসের সামনে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম খোকন, সেক্রেটারি ইকরামুল হক পাটোয়ারী ও দপ্তর সম্পাদক আরিফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ করেছেন ওয়ালটনের ক্ষতিগ্রস্ত ডিলাররা।
সমাবেশে অংশ নেওয়া ডিলাররা মাথায় কাফনের কাপড় বেঁধে “আমার ভাই গ্রেফতার কেন, ওয়ালটন জবাব দে”—এই স্লোগানে বিক্ষোভ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষতিগ্রস্ত ডিলাররা এ কর্মসূচিতে অংশ নেন।
ক্ষতিগ্রস্ত ডিলারদের অভিযোগ, ওয়াল্টন কোম্পানি কমিশন বাণিজ্যের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিলারদের থেকে, টাকার জোরে প্রশাসনের প্রভাব খাঁটিয়ে কারণ ছাড়াই ডিলারদেরকে গ্রেফতার এবং নানাভাবে হয়রানি করে থাকে। শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালীন সময় ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে কিছু শ্রমিক সেখানে ঢুকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তবে ডিলাররা ধৈর্য ও সংযম বজায় রেখে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে চালিয়ে যান।প্রায় এক ঘণ্টাব্যাপী এই সমাবেশ শেষে ওয়ালটনের হেড অব ডিপার্টমেন্ট মেজর জেনারেল (অব.) মামুনুল হক মামুন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ডিলারদের সঙ্গে কথা বলেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।তার আশ্বাসে ডিলাররা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ডিলাররা জানান, দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।