
প্রভাতী প্রতিবেদন
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা মিনি স্টেডিয়ামের বহুল প্রত্যাশিত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের আরও ১০ জেলায় মোট ১১টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে একযোগে এই স্টেডিয়ামের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহাবুব-উল আলম। স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ। ইতোমধ্যে স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পের কাজের NOA (Notice of Award) প্রদান করা হয়েছে। দ্রুতই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানা গেছে।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন,তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়ায় সম্পৃক্ত করতে আমরা দেশব্যাপী আধুনিক ক্রীড়া সুবিধা বিস্তারে কাজ করছি। এই স্টেডিয়াম ভবিষ্যতে ইন্দুরকানীর ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে। স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা জানান, এই মিনি স্টেডিয়াম নির্মাণ হলে এলাকার ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম নতুন গতি পাবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভুমিকা পালন করবে।