
আতিকুর রহমান আলীকদম প্রতিনিধি
অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, আলীকদম এবং সহযোগিতা প্রদান করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মৌলানা ফিরোজ আহমেদ, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সঞ্চালনায় ছিলেন জনাব জুলকারনাইন, সেক্রেটারি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর আলম, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম; বিশেষ অতিথি ছিলেন জনাব সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী, আলীকদম কলেজের শিক্ষার্থী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ১০০-১২০ জন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, প্রশাসন, অর্থনীতি ও সমাজব্যবস্থাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।এ বছরের প্রতিপাদ্য“দুর্নীতি প্রতিরোধে সকলের অংশগ্রহণ-নিশ্চিত হোক ন্যায়ভিত্তিক বিশ্ব”বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল সেবা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ। তিনি প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন,দুর্নীতি রোধে কেবল আইন ও নীতিমালাই যথেষ্ট নয়; সামাজিক ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মের মাঝে সততা, ন্যায়পরায়ণতা ও সুশাসনের ধারণা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সবসময় অগ্রভাগে থেকে সত্যকে তুলে ধরবে এবং জনগণকে সচেতন করে যাবে।অনুষ্ঠানের বক্তারা দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ কামনা করেন।পরিশেষে ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।