
আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটসংলগ্ন রানি গাঁও মৌজার মালিকানাধীন চরভূমি রক্ষা নিয়ে স্থানীয়দের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। জমির পিলার উপড়ে ফেলার দৃশ্য ভিডিও করায় দুই স্কুলছাত্রকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিমুলিয়া ঘাটের পোর্ট অফিসার নেওয়াজ মোহাম্মদ খানের বিরুদ্ধে।স্থানীয় সূত্র জানায়,রানি গাঁও মৌজার বহু খতিয়ানের এসব জমিতে দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও চাষাবাদ করে আসছেন বাসিন্দারা। পদ্মা সেতু চালুর পর নৌপথের চাপ কমে যাওয়ায় জমিগুলো আবার আবাসযোগ্য করে তোলেন তারা। ভুক্তভোগীদের দাবি,সব বৈধ কাগজপত্র ও হালনাগাদ খাজনা তাদের রয়েছে।স্থানীয়দের অভিযোগ,একটি প্রভাবশালী বালু-সিন্ডিকেটের স্বার্থে নতুন টার্মিনাল চ্যানেল খনন দেখিয়ে শতাধিক একর জমি ড্রেজার দিয়ে কেটে বালু বিক্রির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে পিলার ও গাছপালা সরানো হচ্ছিল। এসময় কাজিরপাগলা এটিএন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ শামীম (১৪) ও হলদিয়া উচ্চ বিদ্যালয়ের নুর জালাল (১৬) মোবাইলে ভিডিও ধারণ করলে তাদের আটকে মারধর ও মোবাইল ফোন জব্দের অভিযোগ ওঠে নেওয়াজ খানের বিরুদ্ধে।রাতে ফোন ফেরত দেওয়া হলেও ভিডিও মুছে ফেলা হয় বলে দাবি করেছে ছাত্রদের পরিবার।
তবে মারধর ও হুমকির অভিযোগ অস্বীকার করলেও শিক্ষার্থীদের মোবাইল জব্দ করার বিষয়টি স্বীকার করেছেন পোর্ট অফিসার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। জমির মালিকরা বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।দুই শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,তারা শিক্ষার্থীদের পাশে আছেন। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বসতভিটা দখল ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিমুলিয়া ঘাট ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।