
মোঃ ওবায়দুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের মাটিয়াদহ (কালিতলা) ব্রীজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। এর পাশেই ওই মাছ ব্যবসায়ীর সাথে থাকা ভ্যানচালক কে চোখ বাঁধা অবস্থায় যায়। নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কখনাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের পুত্র এবং ১ পুত্র সন্তানের জনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উৎপল সরকার ব্যাটারী চালিত অটো ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের মাটিয়াদহ (কালীতলা) ব্রীজ সংলগ্ন এলাকায় ভোররাতের দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে পালিয়ে যায়। এ সময় তাকে বহন করা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। নিহত উৎপল সরকারের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যান চালক ফিরোজ মোল্যাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।