
মোঃ সোহরাব হোসেন (রাজু): ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) উপজেলা ভূমি অফিসার মোঃ শাহীন আলমের নেতৃত্বে জামাল ইউনিয়নের বেগবতী নদীর বলরামপুর ও গোপালপুর অংশে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নদীতে স্থাপিত দুটি অবৈধ পাটা বাঁধ অপসারণ করা হয়। এসব বাঁধের কারণে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও মাছের প্রজনন ও অভিগমনে বাধা সৃষ্টি হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়।
অভিযান পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় প্রশাসন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে এবং নদীকে দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।