
অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাকে নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া।সভায় বক্তারা জানান, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে।তবে এই পরিস্থিতি আরও টেকসই করতে মাদক পাচার,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস, নাশকতা, চোরাচালান এবং ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলার প্রধান রাস্তাঘাটের উন্নয়ন সাধন, যানজট নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সরকারি খাসজমি পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যার দ্রুত সমাধান এবং জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ।সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা রাজিয়া বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় শুধুমাত্র প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয়, এর পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। আমরা যদি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তবে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।সভায় উপস্থিত ছিলেন নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ,ঐউপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (নাচোল), জাকারিয়া আল মেহরাব (কসবা), আমিনুল হক (নেজামপুর), নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনা শেষে সভায় উপস্থিত সকলে নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।