
মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে গভীর রাতে বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসায় অস্ত্রের মুখে অবরুদ্ধ করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসায় থাকা মেজরের মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছা. মুর্শেদা খাতুন ও সাংবাদিক ভাতিজা আমানুল্লাহ আমানকে একটি কক্ষে আটকে রেখে ল্যাপটপ, চেক বই, নগদ অর্থসহ মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে রাজশাহী নগরীর সপুরা এলাকায়। ঘটনার সময় বিমানবাহিনীর কর্মকর্তা মাহফুজুর রহমান কর্মস্থল চট্টগ্রামে অবস্থান করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে হঠাৎ নাতির ঘুম ভাঙলে সে ঘরে একজন অচেনা ব্যক্তিকে দেখতে পায়। চোর দেখে চিৎকার করার মুহূর্তেই ব্যক্তি দ্রুত বেরিয়ে যায়। এর আগে দুর্বৃত্তরা ডাইনিং টেবিল থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে বাইরে থেকে দরজা আটকে ফেলে এবং নিচতলার মূল দরজা খুলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নিচে আরও সহযোগী অপেক্ষায় ছিল।
চোরেরা একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা, দুটি চেক বই এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র নিয়ে যায়। তল্লাশির সময় ডাইনিং টেবিলের ওপর একটি ধারালো বটি (হাসুয়া) পাওয়া যায়, যা দুর্বৃত্তরা সঙ্গে করে এনেছিল বলে ধারণা করা হচ্ছে।
মামলার বাদী মুর্শেদা খাতুন বলেন,এটি সাধারণ চুরি নয় পুরো ঘটনাটি ডাকাতির মতো। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাদের ঘুম ভাঙলে বা সামনে পড়লে আক্রমণ করার প্রস্তুতিই ছিল। দ্রুত পুলিশ না এলে আরও বড় বিপদ ঘটতে পারত।তিনি দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,
ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা মামলা গ্রহণ করেছি এবং ঘটনাস্থলে পরিদর্শন করেছি। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ বলছে এটি পরিকল্পিত চুরি বা ডাকাতির ঘটনা হতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।