
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এদিকে, সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এক বিক্ষোভ চলাকালে সড়কে টায়ারে আগুন দেওয়ার সময় শরীরে আগুন ধরে আহত হন শহীদুল ইসলাম শহীদ।ওইদিন বিএনপি মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করছিলেন তিনি ও তার অনুসারীরা।দলীয় সূত্রে জানা গেছে, শহীদুল ছিলেন মনোনয়ন না পাওয়া প্রার্থী নাসির হোসেন অস্থিরের ঘনিষ্ঠ সহকর্মী।