
প্রিয়, মাননীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।মাননীয় নেতা, চট্টগ্রাম ২ আসনের ফটিকছড়ি উপজেলার সাধারণ জনগণের পক্ষ থেকে বিনীত শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বিগত দিনে আপনার দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনার প্রতিটি বক্তব্য ও নির্দেশনা আমাদের প্রেরণা জুগিয়েছে। তবে আজ আমরা একটি বিশেষ বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফটিকছড়ি বিএনপির অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার — যিনি বিগত বছরগুলোতে ফটিকছড়ির বিএনপিকে সুসংগঠিত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৮ সালের দুঃসময়ে, যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম কঠিন হয়ে উঠেছিল, তখনও তিনি নির্ভীকভাবে দলের পক্ষে মাঠে ছিলেন। প্রচারণাকালে হামলার শিকার হয়ে রক্তাক্ত হলেও দলের প্রতি তাঁর আনুগত্যে কোনো বিচ্যুতি ঘটেনি।৫ আগস্টের পর থেকে তাঁর নেতৃত্বে ফটিকছড়ির ১৮টি ইউনিয়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আজ সুসংহত ও কার্যকরভাবে সক্রিয়।
দলের প্রতি তাঁর এই নিষ্ঠা, সংগঠনশক্তি ও জনসম্পৃক্ততা ফটিকছড়ির রাজনীতিতে অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় নেতা,একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। অবসরের পর নিজ এলাকার মানুষের সেবা ও উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ফটিকছড়িবাসী আপনার কাছে বিনীত অনুরোধ করছি তাঁর এই ত্যাগ ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হোক।
আমাদের বিশ্বাস, বিএনপি সবসময় ত্যাগী, যোগ্য ও জননন্দিত নেতৃত্বকে মূল্য দেয়। তাই ফটিকছড়িতে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে যেন কোনো প্রভাব, অর্থবল বা গোষ্ঠীবাদের প্রভাব না পড়ে — এটাই আমাদের একান্ত আকাঙ্ক্ষা।মাননীয় তারেক রহমান, ফটিকছড়ির মাটিতে যারা অতীতে গণতন্ত্র ও দলের স্বার্থে রক্ত ঝরিয়েছে, তাঁদের ত্যাগ যেন মূল্যহীন না হয়।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি ন্যায়বিচার করবেন, যোগ্য নেতৃত্বকে সম্মান দেবেন, আর ফটিকছড়ির মানুষকে আবারও আশার আলো দেখাবেন। আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা সহ, ফটিকছড়িবাসীর পক্ষ থেকে।