
এস এম আলমগীর হুসাইন শিবচর
মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবাকে হত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে সম্প্রতি তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাঁর ছেলে ফারুক মিয়া (২৭) পেশায় ফেরিওয়ালা। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাত প্রায় ১২টার দিকে ফারুক মিয়া ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে তার বাবার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকেই বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। পরে গভীর রাতে সুযোগ বুঝে ফারুক কোদাল দিয়ে কুপিয়েএই হত্যাকাণ্ড ঘটায়।খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ফারুক মিয়াকে আটক করে। ওসি রকিবুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”