
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন। নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে তিনি রবিবার সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রমের মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন।এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈনুদ্দীন মুর্শেদ, এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম। উল্লেখ্য, স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে নিয়মিত এই ধরনের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে আসছে স্বাস্থ্য বিভাগ।