
বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুরুষা ফেরুষা গ্রামে হিন্দু পরিবারসহ মোট ২৯টি পরিবার একযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গত সোমবার (৩ নভেম্বর) রাত ৮টায় কুরুষা ফেরুষা গ্রামের আবেদ মাস্টারের বাড়ির মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা শামসুল হুদা বাবুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ কুড়িগ্রাম-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নবাগত পরিবারগুলোকে জামায়াতে ইসলামীতে স্বাগত জানিয়ে ইসলামী আদর্শে সমাজ গঠন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।