
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
সাগর-রুনি হত্যা মামলাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও ২১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। দীর্ঘ ১৩ বছরেও সাগর-রুনি হত্যার বিচার হয়নি,যা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য চরম হতাশার। তারা বলেন,সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের বিচার না হলে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।বক্তারা ২১ দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলো তুলে ধরেন সাগর-রুনি, গোলাম সারোয়ার, রোকনুজ্জামান, শফিকুল ইসলাম কাওছারসহ নিহত সকল সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ভাতা, গ্রেফতার সাংবাদিকদের মুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, এবং মিডিয়া কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিতকরণ।সভাপতির বক্তব্যে ফেনী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন বলেন,আমরা আজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিচ্ছি সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আরা রূপা, সহসভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, মো. জসিম উদ্দিন, সেলিম আজাদ, ও কামরুল হাসান প্রমুখ।সমাবেশ শেষে সাংবাদিকরা ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেন।