
নাজিম উদ্দীন ফটিকছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত (১৭) নামে ফটিকছড়ির এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মাটিরাঙ্গার রসুলপুর যৌথ খামার এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।নিহত ইয়াছিন আরাফাত ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র পুত্র। আহত কিশোর মুহাম্মদ তারেক একই পৌরসভার ৮নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে ইয়াছিন ও তারেকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুজনের স্বপ্নভরা জীবন ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়াছিন, গুরুতর আহত অবস্থায় তারেককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।মাত্র ১৭ বছরের প্রাণচঞ্চল কিশোর ইয়াছিনের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম।একটি পরিবারের একমাত্র ছেলের প্রাণহানিতে নেমে এসেছে শোকের মাতম ও নিস্তব্ধতা।