
মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই চালক পুড়ে মারা যান। ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে যায়। তবে দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর নাম ইসমাইল হোসাইন (৩৫)। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।