
মমিনুল ইসলাম মুন রাজশাহী
হবিগঞ্জ থেকে রাজশাহীমুখী একটি পিকআপ ভ্যানে অভিনব কৌশলে লুকানো ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বুধবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার জেডা গ্রামের শেখ মো. ফয়সাল মিয়া (২৬) এবং একই জেলার বি-বাড়িয়া সদর থানার নয়নপুর গ্রামের মো. আলম (২৫)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় মাদক চালান রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল গাড়িটির গতিবিধি অনুসরণ করে এবং ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালায়।তল্লাশির একপর্যায়ে পিকআপের কেবিনের সীটের নিচে অতিরিক্ত লোহার পাত বসিয়ে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে অভিনব কায়দায় লুকানো ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, স্বাভাবিক দৃষ্টিতে ওই চেম্বারটি চিহ্নিত করা প্রায় অসম্ভব ছিল।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ, দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। র্যাব-৫ জানায়, আটককৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পিকআপে পণ্য পরিবহনের আড়ালে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।